ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলাজুড়ে উৎসবের আমেজ

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:৫৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:৫৭:২০ অপরাহ্ন
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করতে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলা—কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় থাকছে নানা কর্মসূচি।

এর মধ্যে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। এছাড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। তার সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা শহর, কটিয়াদী ও পাকুন্দিয়ার রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে সার্কিট হাউসও।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। তার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ। দলীয় গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও এ সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জে যাবেন। বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। একই স্থানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বেলা আড়াইটায় কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোরগঞ্জ সফরকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা সারা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে।

এ ছাড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রমের পাশাপাশি সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ