ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে ধস, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:০৭:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:৪৯:৫২ অপরাহ্ন
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে ধস, নিহত ৭ ছবি : সংগৃহীত
উত্তরাখণ্ডে আবারও একটি টানেল ধসে পড়েছে। চামোলির বিষ্ণুগড়- পিপলকোটির নির্মাণাধীন সুড়ঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। সুড়ঙ্গের ভেতরে ছিলেন প্রায় ২৮ জন শ্রমিক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা যখন কাজ করছিলেন তখন হঠাৎ তীব্র জলস্রোতে টানেলটিতে ধস নামে। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং এখনও আটকা পড়ে আছেন ৩ শ্রমিক।

চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প। টিএইচডিসি ইন্ডিয়ার উদ্যোগে নির্মাণাধীন এই প্রকল্পেরই একটি সুড়ঙ্গে ধস নামে। প্রাথমিকভাবে জানা গেছে, সুড়ঙ্গের ভেতরে প্রবল স্রোতে ভূমিধসের জেরেই এই বিপত্তি ঘটে। এর ফলে একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

ধ্বংসস্তূপ সরিয়ে এখনও আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের সন্ধান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার আপডেট নিচ্ছেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের অবস্থা স্থিতিশীল। আমি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও জানিয়েছি যে, তাদের এলাকার বাসিন্দারা, যারা এই ঘটনায় আহত, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়কের সঙ্গেও কথা বলেছি।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ