শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৮-২০২৬ ০৪:২৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৬ ০৪:২৮:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস স্টপেজ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী যাত্রী ও সবস্তরের জনগনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সঙ্গীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। পূর্বে শ্রীমঙ্গলে এই বাসের স্টপেজ থাকলেও বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে শ্রীমঙ্গলসহ আশপাশের হাজারও মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের যোগাযোগ ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
সংবাদ সম্মেলনে যাত্রীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা, কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স