নষ্ট হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা
ভোমরা বন্দরে আটকা ৬০ ট্রাক কাঁচামরিচ-টমেটো
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৬ ০১:১৮:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৬ ০১:১৮:১১ অপরাহ্ন
ফাইল ছবি
সার্ভার জটিলতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ ও টমেটোবাহী প্রায় ৬০টি বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি ট্রাকে তোলা হলেও বন্দর কর্তৃপক্ষের সার্ভারে জটিলতার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রাক বন্দর ছাড়তে পারেনি।
ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পণ্য খালাস করে ঢাকার কাঁচাবাজারে পাঠানো না গেলে পচনশীল এসব কাঁচামালের বড় একটি অংশ নষ্ট হয়ে যেতে পারে। এতে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ভোমরা বন্দরের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ২৮ ট্রাক কাঁচামরিচ ও ১৭ ট্রাক টমেটো ভোমরা বন্দরে প্রবেশ করে। পরে ভারতীয় ট্রাক থেকে এসব পণ্য বাংলাদেশি প্রায় ৮০টি ট্রাকে তোলা হয়। সন্ধ্যার আগে কিছু ট্রাক পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলেও অধিকাংশ ট্রাক সার্ভার জটিলতার কারণে বন্দরে আটকা পড়ে।’
তিনি বলেন, ‘কাঁচামরিচ ও টমেটো দ্রুত পচনশীল পণ্য। সকালে ঢাকার কাঁচাবাজার ধরতে না পারলে এসব পণ্যের বড় অংশ নষ্ট হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান হবে।’
জাকির হোসেন আরও বলেন, ‘সার্ভার জটিলতার কারণে পণ্য খালাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলেও ম্যানুয়াল পদ্ধতিতে কাঁচামালবাহী ট্রাক ছাড়ার সুযোগ রয়েছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।’
এ বিষয়ে ভোমরা বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, ‘সার্ভার জটিলতার কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটি মূলত বন্দর কর্তৃপক্ষের সার্ভারে। দ্রুত এটি সমাধানের চেষ্টা চলছে।’
এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পচনশীল পণ্য নিয়ে উদ্বেগ বাড়ছে আমদানিকারকদের মধ্যে। দ্রুত সার্ভার জটিলতার সমাধান করে আটকে থাকা ট্রাকগুলো বন্দর থেকে ছাড়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স