ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্তির হারে বগুড়ার শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
জিপিএ-৫ প্রাপ্তির হারে বগুড়ার শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইল ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্য ধরে রেখেছে বগুড়া শহরের স্বনামধন্য পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান। জেলা শহরটির শীর্ষ এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে দুটিই অর্জন করেছে শতভাগ পাসের গৌরব। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে এবার জেলার সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২১৬ জন পাশ করেছে। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন, যা শতকরা হিসাবে ৮৪ দশমিক ৪০ শতাংশ।

পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্র ছিল বিয়াম মডেল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৩৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করে শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন শিক্ষার্থী (৭৮.৬৭ শতাংশ)।

অন্যদিকে, শতভাগ পাসের দ্বারপ্রান্তে গিয়েও অল্পের জন্য তা হাতছাড়া হয়েছে বগুড়া জিলা স্কুলের। ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন পাস করলেও অকৃতকার্য হয়েছে ১ জন। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন শিক্ষার্থী (৭৮.১২ শতাংশ)।

শহরের অন্য দুটি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল শতভাগ পাসের মাইলফলক ছুঁয়েছে। ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করার পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন (৭৭.৩১ শতাংশ)। আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন শিক্ষার্থী (৭৭.৩৩ শতাংশ)।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাহস দিয়েছি। তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে। তাদের ফলাফলে আমি খুশি। আমি আশা করব তারা আগামীতে আরও ভালো করবে।

বগুড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ফল উজ্জ্বল হলেও রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সামগ্রিক ফলাফলে বড় ধস নেমেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই উল্লেখযোগ্যভাবে কমেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে এক লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ছয় হাজার ২১৪ জন।

বোর্ডের তথ্যমতে, সার্বিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

উল্লেখ্য, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। তবে এর বিপরীতে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ