ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৪:১৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৪:৪৫:৪০ অপরাহ্ন
​বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের মতো চলে যাবে, কিন্তু দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ।

সংসদে সরকারের পরিকল্পনা উপস্থাপনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানিসহ সার্বিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করবে। বিরোধী দল বা অন্য কারও যদি কোনো পরিকল্পনা থাকে, তা জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং জনগণের শান্তি নষ্ট করবেন না। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি সময় আগে; এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়।’

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায়-সরকার তা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, দেশের উন্নতির জন্য শান্তি-শৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের পূর্বশর্ত দেশে শান্তি-শৃঙ্খলা। বাজারে গণ্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চাইবে, সঠিকভাবে বন্দর থেকে যেন কাঁচামাল আসতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।

তারেক রহমান বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ