হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০৩:৩০:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০৪:৩৫:২২ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে বিস্তার বাড়ছে হাম রোগের। গত ২৪ ঘণ্টায় (৮ আগস্ট সকাল ৮টা থেকে ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে ৩ জন, ঢাকায় ২ জন এবং বরিশালে ১ জন মারা গেছেন। জেলা হিসেবে হবিগঞ্জ ও ঢাকায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩৮ জন রোগী এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। এর মধ্যে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৭৫ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৮ জনের নিশ্চিত মৃত্যু হামের কারণে ঘটেছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ সময়কালে হাসপাতাল থেকে মোট ১ লাখ ১৪ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৫২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হন। এর পরেই চট্টগ্রামে ২৫৯ জন এবং বরিশালে ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে হাম প্রতিরোধে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, দেশব্যাপী নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা প্রদান নিশ্চিত করা গেছে, যা বিভাগীয় পর্যায়ে গড়ে ১০১ শতাংশ থেকে ১১০ শতাংশ এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে গড়ে ১০৭ শতাংশ কাভারেজ অর্জনে সহায়তা করেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স