মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০১:২৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০১:২৪:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্য স্থানে এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জাগীর ব্রিজের পাশে অবস্থিত শহীদ মিনারে স্থানীয়রা শিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিহাব হোসেন জাগীর ইউনিয়নের মো. সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে শিহাব রাতে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। শনিবার (৮ আগস্ট) রাতে খাবার খাওয়ার পর সে আবারও বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, সে আগের মতোই বন্ধুর বাড়িতে রয়েছে।
তবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ শিহাবের পরিবার। তাদের অভিযোগ, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স