ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী অলি আহমেদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:১৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৩:১৫:১৮ অপরাহ্ন
রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী অলি আহমেদ ​ছবি: সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৯ আগস্ট) দুপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

বৈঠকের পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই সনদ এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি অনীহা দেখিয়েছে। তারা পূর্বতন সরকারগুলোর মতোই এগিয়ে যাচ্ছে। আশা করা হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে হবে। কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি সংস্কারের পথে হাঁটলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে এককভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া যেত। কিন্তু তারা সেটা করেনি। এ জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ