চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর, সিভিল সার্জনকে বদলির নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ১২:৫৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০১:০৭:২৮ অপরাহ্ন
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী। ইনসেটে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন। ছবি: সংগৃহীত
চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি তিনি স্বাস্থ্যসেবার সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবা পাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। খতিয়ে দেখেন হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা তার নজরে আসে। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন অব্যবস্থাপনা কেন রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।
এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী।
পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স