ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

একবার জাল ফেলে মিলেছে ৪৬ মণ ইলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৪:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:০৪:১১ পূর্বাহ্ন
একবার জাল ফেলে মিলেছে ৪৬ মণ ইলিশ ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জেলেদের জালে একবারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। নিলাম ডাকে  এ পরিমাণ ইলিশ ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিন পর জেলেদের মধ্যে ইলিশ ধরা পড়ার খবরটিতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে , গত বৃহস্পতিবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে এফবি জুনায়েদ নামের একটি মাছধরা ট্রলারের জেলেরা বিপুল পরিমাণ ইলিশ শিকার করেন।

শুক্রবার দুপুরে ট্রলারটি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে পৌঁছে। সেখানে মনোয়ারা ফিশ আড়তে নিলাম ডাকে মাছগুলো বিক্রি করা হয়। তখন বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। 

জানা গেছে, এক কেজি  থেকে  তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ বিক্রি হয়েছে এক লাখ ১৫ হাজার টাকা মণ দরে  (প্রতি কেজি ২,৮৭৫ টাকা) ২৭ লাখ ৬০ হাজার টাকায়।

এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে প্রতি কেজি ২ হাজার ৩৭৫ টাকা দরে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকায়। সব মিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

ট্রলার মাঝি আলমগীর বলেন, 'অন্তত পাঁচ বছর পর একবারে বড় দাগের ইলিশ পাইলাম। একবার জাল ফেলে প্রায় ২২'শ  ইলিশ ধরা পড়ে। বহুদিন  লোকসানের পরে এই মাছ পেয়ে আমরা খুব খুশি । শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। '
মৎস্য আড়ত মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, অনেকদিন পর একটা বড় চালানের ইলিশের আমদানি  হয়েছে। বর্তমানে বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় জেলেরা ভালো বেশি দাম পেয়েছে। এবছর এমন ভালো খবর আগে মেলেনি। আর ইলিশের সাইজও বড়। 

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এবছর বেশির ভাগ বোটের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পায়নি। এরই মধ্যে একটি ট্রলারের জেলেরা একসঙ্গে ৪৬ মণ ইলিশ পাওয়ার ঘটনা অবশ্যই স্বস্তির খবর।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  মৌসুমের প্রথম থেকেই সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ইলিশ মিলতে পারে। ফলে জেলেদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ