বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা, প্লাবিত হতে পারে ১০ জেলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৮-২০২৬ ১০:৫৭:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৮-২০২৬ ১০:৫৭:০৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিনে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের ১০ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। শুক্রবার (৭ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে দেয়া এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের আবহাওয়া সংস্থাগুলোর বরাতে এতে বলা হয়, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ ছাড়া এই সময় সিলেট জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিনও বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরী ঘাঘট ও পুনর্ভবা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে আপার আত্রাই, আপার করতোয়া, টাঙ্গন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল এবং তৃতীয় দিন হ্রাস পেতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই নদীর নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে ধরলা নদীর পানি সমতল পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী একদিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী-সংলগ্ন গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এ ছাড়া দেশের পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স