মন্ত্রী রিতা ও হুইপ দুলুর পথসভায় গুলির চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৮-২০২৬ ০৬:১২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৬ ০৬:৫৫:৪৯ অপরাহ্ন
উত্তরা গণভবন পরিদর্শন শেষে পথসভায় যাচ্ছেন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: বাংলাস্কুপ
নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভা শেষে গুলির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী আফরোজা খানম রিতা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পুলিশ সূত্রে জানা যায়, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি করার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস উদঘাটনে তদন্ত চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, “উত্তরা গণভবনের পাশে আয়োজিত পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স