ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৫:১০:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৫:১০:৪৫ অপরাহ্ন
​আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারিভাবে ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় বালু উত্তোলনের ইজারা থাকলেও ইজারাদাররা আশুগঞ্জের বাহাদুরপুর, তাজপুর ও দুর্গাপুর এলাকায় নদীতীর কেটে বালু উত্তোলন করছেন। এতে শতাধিক কানি কৃষিজমি, মিল-কারখানা, ইটভাটা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ না হলে পুরো এলাকা ভয়াবহ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, এর আগেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এখন থেকে আশুগঞ্জ ও ভৈরব উপজেলা প্রশাসন যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, “সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সব সময় জনগণের পাশে থাকবে। তবে শুধু মানববন্ধন করলেই হবে না, স্থানীয়দেরও সচেতন থেকে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করা না হলে কৃষিজমি, বসতভিটা এবং শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হবে না। তারা স্থায়ীভাবে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ