ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৪৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৪৯:০৫ অপরাহ্ন
​তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) বর্তমানে ফ্রিজিং চলছে। ফ্রিজিং শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাসের অভাবে বন্ধ পাওয়ার স্টেশন এখন আবারও চালু হবে। তবে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন লাগবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা সাড় ১১টার দিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভয়াবহ গ্যাস-সংকটে পড়ে দেশ। এই পরিস্থিতির ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে টার্মিনাল থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। 

অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুতে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগের বিষয়ে যখন আমাদের কাছে আসতে বলা হয়, তখন কেউ তো আসে না। তবে যেসব অভিযোগ আসছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আজ রুটিন বৈঠক হয়েছে। যেহেতু প্রতিবেশী দেশ, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এ ছাড়া পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল দিতে বলা হয়েছে।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ