যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে উত্তেজনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ০২:০৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ০২:০৪:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার জবাবে পালটা অবস্থান নিয়েছে চীন। সাতটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করেছে তারা। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রমুখী ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে বেইজিং।
বুধবার (৫ আগস্ট) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে।
সম্প্রতি চীনা টেলিকম অপারেটর, পরীক্ষাগার, ড্রোন, রাউটার, সাবমেরিন কেবল, উন্নত রোবোটিক্স সরঞ্জাম ও বিদ্যুৎ ইনভার্টারের ওপর যুক্তরাষ্ট্র একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। তার জবাবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করায়ও ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং।
যেসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে অ্যারিজোনাভিত্তিক Compliance Testing LLC। চীনের অভিযোগ, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের পদক্ষেপে সহায়তা করেছে, যা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন করেছে।
এছাড়া Applied DNA Sciences, Stratum Reservoir, Altana Technologies, Responsible Business Alliance, Verité Group এবং Human Rights in China-এর সঙ্গেও চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যবসা ও সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।
চীনের দাবি, এসব প্রতিষ্ঠান শিনজিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে ভূমিকা রেখেছে।
ড্রোন রপ্তানিতে বাড়তি নজরদারি
চীন জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ন্ত্রিত ড্রোন, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট প্রযুক্তির প্রতিটি চালান আলাদাভাবে পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হবে। এটি সরাসরি রপ্তানি নিষিদ্ধ না হলেও লাইসেন্স পেতে বেশি সময় লাগবে এবং সরবরাহ বিলম্বিত হতে পারে।
মার্কিন পরিদর্শন সংস্থার কার্যক্রমও স্থগিত
এছাড়া চীনের বাধ্যতামূলক পণ্য সনদ ব্যবস্থার আওতায় মার্কিনভিত্তিক সংস্থাগুলোর কারখানা পরিদর্শনের অনুমতি স্থগিত করা হয়েছে। এতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় ও সময় দুটোই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অফিস সরঞ্জাম আমদানিতেও তদন্ত
একই সঙ্গে আমদানি করা প্রিন্টার, ফটোকপি মেশিন এবং অন্যান্য অফিস সরঞ্জামের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে বেইজিং। যদিও কোনো নির্দিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি, তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এটিকেও সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের পালটা প্রতিক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছে।
বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটন ও বেইজিং আপাতত সর্বাত্মক বাণিজ্য যুদ্ধের পথে না গিয়ে লক্ষ্যভিত্তিক ও কৌশলগত চাপ বাড়ানোর নীতি অনুসরণ করছে। তবে নতুন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য সংঘাতকে আরও জটিল করে তুলবে বলেই ধারণা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স