মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ১২:১৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ০২:০৫:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে শ্রীলঙ্কা থেকে ফোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। তিনি দাবি করেন, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে আগুন লাগে বলেও জানান তিনি। পাশাপাশি কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
এর আগে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব আল হাসান। এর কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে।
স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত এবং তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সাকিব আল হাসানের বাড়িতে এই প্রথম হামলার অভিযোগ উঠল।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স