শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৮-২০২৬ ০২:২৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৮-২০২৬ ০২:২৯:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল অন্যতম রাজনৈতিক দল। তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী দাঁড়াবে, কিংবা তার এতদিনের রাজনীতির ইতিহাসেরই বা কী হবে। সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলে, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন।’
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে তো আসলে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই-বা কী করে গণতন্ত্র হয়?’
ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির ইঙ্গিত করে। দলগুলো যে তাদের অঙ্গসংগঠনগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটিও ইঙ্গিত করে। দিনশেষে আবারও যে আমরা আগের পুরোনো রাজনীতিতেই ফিরে গেছি, সেটাও ইঙ্গিত করে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স