হরমুজের আকাশসীমায় এমকিউ-৯ রিপার ধ্বংসের দাবি ইরানের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৮-২০২৬ ০৫:২৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৮-২০২৬ ০৫:২৯:৩৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
হরমুজ প্রণালীর আকাশসীমায় উড়তে থাকা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (৩ আগস্ট) আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ এ দাবি জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী এলাকায় মোতায়েন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন করেছিল বা ঠিক কোথায় ভূপাতিত হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বহুল ব্যবহৃত একটি ড্রোন। এটি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজন হলে নির্ভুল হামলা চালানোর সক্ষমতার জন্য পরিচিত।
আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০টিরও বেশি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন প্রতিহত বা ভূপাতিত করেছে তারা।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া স্বাধীন কোনো সূত্র থেকেও ড্রোন ভূপাতিত হওয়ার দাবি এখনো যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
এই প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার ও নৌপরিবহনের ওপরও এর প্রভাব পড়তে পারে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স