ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৬:১২ অপরাহ্ন
​উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির উপর হামলার অভিযোগ ​ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন এ হামলা চালায়।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তার ভাষ্য অনুযায়ী, ডিএনসিসির অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি এসটিএস কেন্দ্রে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনার পর প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের লোকজনের আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতেই তাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে।

ডিএনসিসির দাবি, হামলায় কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এসব তথ্য ডিএনসিসির জনসংযোগ বিভাগের বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে। অভিযুক্ত গার্মেন্টস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ