তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ১২:৫৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ১২:৫৬:২৩ অপরাহ্ন
গুরুত্বপূর্ণ তিন ইস্যুতে আজ বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকটি শনিবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনসহ তিনটি ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা।
শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময়ে মনোনীত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন- সেই আলোচনার মধ্যেই জরুরি এই বৈঠক ডাকল বিএনপি।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, এদিন নতুন রাষ্ট্রপতি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারে দল। এ ছাড়া দলটির মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। পাশাপাশি এনসিপির পদযাত্রায় সাম্প্রতিক সংঘাতের বিষয়টি আলোচনায় স্থান পেতে পারে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। গত মঙ্গলবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিভিন্ন সূত্রে নতুন রাষ্ট্রপতি হিসেবে ছয়জনের নাম আলোচনায় উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। এ ছাড়া অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, একজন সাবেক সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে।
গত চার-পাঁচ মাসে দেশের বাস্তব চিত্রে কোনো পরিবর্তন আসেনি এবং এখনো আগের মতোই ঘুষখোররা নির্দ্বিধায় ঘুষ খেয়ে যাচ্ছে বলে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার এক আলোচনাসভায় নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের ভালো ভালো উন্নয়ন পরিকল্পনাগুলোকে আমলারা আটকে দিচ্ছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তারেক রহমান ব্যতীত আর কারও মধ্যেই কাঙ্ক্ষিত পরিবর্তন চোখে পড়েনি এবং তিনি দেশের অগ্রযাত্রায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তার এই বক্তব্যের পরদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সরকারের পাঁচ মাসে দুর্নীতি কমার বদলে বেড়েছে বলে বিএনপির মহাসচিব নিজেই স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন জামায়াত আমির। ওসব রাজনৈতিক বিতর্ক ও ভুল বোঝাবুঝি নিরসনেও আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স