সমাজকল্যাণ মন্ত্রী
গণতন্ত্র বজায় থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৭-২০২৬ ০৭:১২:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৭-২০২৬ ০৭:১২:২৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশে গণতন্ত্র বজায় থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।দেশের মানুষ যদি কারো পাশে না থাকে, তবে সেই দোষ বিএনপি বা তারেক রহমানের নয়। গত ১৭ বছরের সংগ্রাম এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান থেকে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের কথা, আচরণ ও ভাবভঙ্গি গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। জনগণের রায়কে সম্মান জানিয়ে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১ টায় তাঁর নিজ উপজেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি মেলার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। পরে তিনি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্বৈরাচারের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো ষড়যন্ত্র বা উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই দেশ পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য। সেই বিশ্বাসের জায়গা থেকেই জনগণ দুই তৃতীয়াংশের বেশি আসনে তাদের নির্বাচিত করেছেন।
এছাড়াও তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সোধীজনরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স