ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাকিস্তানে বাড়ির ছাদ ধসে আটজনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৩:০৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৩:০৭:০৯ অপরাহ্ন
​পাকিস্তানে বাড়ির ছাদ ধসে আটজনের প্রাণহানি ​ছবি: সংগৃহীত
পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।  বুধবার (২৯ জুলাই) শহরের হারবান্সপুরা এলাকায় গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।  খবর দ্য ডনের 

লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলী ইজাজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, তিনি ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

বিবৃতিতে বলা হয়, রেসকিউ ১১২২-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে। ডিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধ্বংসস্তূপে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ছাদ ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর মাত্র এক মাস আগে লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর কোচিং সেন্টারের মালিক ও ভবনের ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। 

তদন্তে জানা যায়, জরাজীর্ণ ভবনের ছাদের ওপর অতিরিক্ত মাটি ফেলার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং সেটিই ধসের কারণ ছিল।

এর আগে চলতি বছরের মে মাসের শুরুতে ডেরা গাজী খান জেলার একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত এবং অন্তত ২০ জন আহত হন। তদন্তে উঠে আসে, ভবন সম্প্রসারণের কাজ চলাকালে ছাদের ওপর বালু ও ইট রাখা হয়েছিল। অতিরিক্ত ভার বহন করতে না পেরে ছাদটি ধসে পড়ে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ