এমপিও শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ চায় জামায়াত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৭-২০২৬ ০১:৩৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৬ ০৫:০৩:৩০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দেওয়া হলে সেটি দ্বৈত নীতির শামিল।
তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা এবং নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। এ কারণে নির্বাচন কমিশনের বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের অবস্থান বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াত।
জামায়াত সেক্রেটারি জেনারেল জানান, ইসি বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার নিয়োগ আগামী নির্বাচনগুলোকে প্রভাবিত করতে পারে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, ভিডিওকাণ্ডে দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির, নির্বাচন কমিশন এবং স্পিকারের এখতিয়ারভুক্ত বিষয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স