পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৬ ০৩:৫২:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৬ ০৩:৫২:২০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহীর বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নৌকা থেকে ছয়জন উদ্ধার হলেও বাবা-ছেলে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এসে হঠাৎ স্রোতে মাঝে পড়ে ডুবে যায়। এসময় সাঁতার দিয়ে ছয়জন কিনারায় ওঠেন। তবে কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজে অংশ নেয়।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছে। তবে নদীতে স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স