রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৭-২০২৬ ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৬ ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন
ছবি: এআই দিয়ে তৈরি
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকায় থাকেন। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। কয়েল কেনার পর করিম তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। পথে আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতেই অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা। আর বাম পায়ে লাগা গুলিটি ঘটনাস্থলেই শরীর ভেদ করে বেরিয়ে যায়।সংবাদ শিরোনাম
রফিকুল ইসলাম আরও জানান, চিকিৎসা শেষে রাতেই করিমকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তারা জানেন না। করিমের সঙ্গে এলাকায় কারও কোনো দ্বন্দ্বও ছিল না বলে দাবি করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স