ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১২:৪৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০১:০৮:০৬ অপরাহ্ন
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি ফাইল ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, বাংলাদেশের সুন্দরবনে একটি ছবির শুটিং করতে এসে এক সহশিল্পীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা বলেন, তাঁর প্রথম চলচ্চিত্র রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস–এর শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ছবিটির শুটিং হচ্ছিল।

নোরার ভাষ্য, এক সহ-অভিনেতা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে তিনি ওই অভিনেতাকে চড় মারেন।

নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নোরার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাঁকে চড় মারেন এবং তাঁর চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি স্মরণ করে নোরা বলেন, “আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তারপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।”

কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।”

তবে সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত ছবিটি মুক্তি পায় ওই বছরের ৩১ অক্টোবর। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ