ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৩৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৩৪:০০ অপরাহ্ন
​খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা ​ছবি: সংগৃহীত
খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন তার খালাতো ভাই ও ‘এ ওয়ান ট্রেডিং বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। পাশাপাশি তার ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের সুনাম, ব্যবসায়িক সফলতা ও দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তাকে হেয় করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেন এবং জমির মালিকানা দাবি করে ভাড়া চান। তবে ওই জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ।

মামলায় আরও বলা হয়, জিডির পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন। এছাড়া বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিষয়টি প্রচার করেন।

বাদীর দাবি, নাভানা সিএনজির সম্পত্তির প্রকৃত মালিক তিনি। ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে এবং কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ