ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:২৫:১৬ অপরাহ্ন
ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দুই নেতা পদত্যাগ করেছেন। 

পদত্যাগকারীরা হলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদ। একই সঙ্গে কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঈন আহমেদ ও মেঘমল্লার বসুর জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গ্রহণ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ায় একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতপার্থক্য ও স্বার্থের সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছে সংগঠনটি।

এ কারণে তারা স্বেচ্ছায় সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়ন জানিয়েছে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্বে থাকা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিদায়ী নেতাদের সংগঠনের জন্য করা অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

একই সঙ্গে শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন এবং বৈষম্যহীন ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

এদিকে, মেঘমল্লার বসুর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ