এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৭-২০২৬ ০৩:৪৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৬ ০৩:৪৬:৩৭ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউটে খেলবে, আর বাকি ছয়টি দল প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে মূল পর্বে জায়গা করে নেয়ার চেষ্টা করবে।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে।
অন্যদিকে, মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে। সেখানে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশের প্রতিপক্ষ চীন। শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। নারী বিভাগে মোট আটটি দল অংশ নেবে। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়া শহরে, যেখানে ক্রিকেট ইভেন্টের জন্য টি-টোয়েন্টি সংস্করণই রাখা হয়েছে।
২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার ব্যাট করার পর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। পরে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় নারী দল।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স