ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিফ প্রসিকিউটর

​আসামি মোজাফফর আ’লীগ সরকারের প্রশ্রয়ে ছিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩৩:৪২ অপরাহ্ন
​আসামি মোজাফফর আ’লীগ সরকারের প্রশ্রয়ে ছিল ​ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের পেছনে আওয়ামী লীগ সরকারের প্রশ্রয় ছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, মোজাফফর হোসেন দীর্ঘ বছর পলাতক ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সত্ত্বেও তিনি এক দেশ থেকে আরেক দেশে অবাধে যাতায়াত করেছিলেন। বাংলাদেশেও নির্বিঘ্নে চলাফেরা করেন। এ দেশের টেলিফোনের মাধ্যমে তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। থাকতেন অভিজাত এলাকায়। সরকারের প্রশ্রয় বা সংশ্লিষ্টতা না থাকলে এসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে সম্পর্ক রেখেছেন, তা অনুমান করে নিতে হবে। আমরা মনে করি তৎকালীন সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। এর মধ্য দিয়েই মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছেন মোজাফফর হোসেন। মাসুদ উদ্দিন চৌধুরীর মতো দুষ্কৃতকারীদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। 

জিয়াউর রহমান হত্যা মামলার বিচার সেনা আইনে হবে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের তদন্ত চলছে মানবতাবিরোধী অপরাধের। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের কর্মকাণ্ডে তার কী সংশ্লিষ্টতা রয়েছে, সেটিই আমরা দেখব।

তিনি আরও বলেন, আমাদের বিচারের কার্যক্রম পুরোপুরি আলাদা। তবে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবেন। আমাদের প্রয়োজনমতো সেখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইব্যুনালের প্রচলিত আইনে বিচার চলবে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

গত ২১ জুলাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় মোজাফফরকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ