ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের মামলায় গ্রেপ্তার জিয়া হত্যায় অভিযুক্ত মোজাফফর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০২:২৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০২:৩৩:২৮ অপরাহ্ন
জুলাইয়ের মামলায় গ্রেপ্তার জিয়া হত্যায় অভিযুক্ত মোজাফফর ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল জানিয়েছে, মোজাফফর হোসেন সেনা হেফাজতে থাকবেন। তবে জিজ্ঞাসাবাদের সময় তাকে তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

এর আগে এদিন সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মোজাফফর হোসেনকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর পৌনে ১টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়।

গত মঙ্গলবার মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তারই ধারাবাহিকতায় আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওইদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
শুনানিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেনের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট আদালতে হাজির করার নির্দেশনা চাচ্ছি। শুনানি শেষে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।’

জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ