ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবে গেছে কংক্রিটের ব্লক: চরম ঝুঁকিতে কুয়াকাটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৪:২১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৪:২১:৪৬ অপরাহ্ন
দেবে গেছে কংক্রিটের ব্লক: চরম ঝুঁকিতে কুয়াকাটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ফোকাস বাংলা নিউজ
উত্তাল সাগরের অব্যাহত ঢেউয়ের ঝাপটায় কুয়াকাটা শহররক্ষা বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের স্লোপের প্রটেকশনে দেয়া কংক্রিটের অসংখ্য ব্লক দেবে গেছে। কোথাও কোথাও ব্লকগুলো স্থানচ্যুত হওয়ার কারণে বন্যনিয়ন্ত্রণ মূল বেড়িবাঁধটি এখন চরম ঝুঁকিতে রয়েছে। কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিমদিকে মিরাবাড়ি থেকে মাঝিবাড়ি পর্যন্ত যেতে মূল বাঁধটির অসংখ্য পয়েন্টের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা গেছে। ২০১৯-২০২১ সাল পর্যন্ত স্থাপনকরা এই ব্লকগুলো ঢেউয়ের তোড় থেকে বেড়িবাঁধ রক্ষার একমাত্র অবলম্বন। প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় রিভার সাইটে এই ব্লকদিয়ে কুয়াকাটা পৌর এলাকা রক্ষার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে অন্তত পাঁচ শ’ মিটার এলাকায় অসংখ্য স্পটে ব্লকগুলো স্থানচ্যুত হয়েছে। কোথাও দেবে গেছে। নিচ থেকে বালু-মাটি সরে গেছে। এক ব্লক থেকে আরেক ব্লকের মাঝে অনেক গ্যাপ হয়ে গেছে। স্থানীয়রা জানান, গত ১৫দিনের টানা বৃষ্টির পাশাপাশি দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে আছে। সাগরের উত্তাল ঢেউ জোয়ারের সময় প্রবল বেগে কিনারে ব্লকের ওপর আঘাত হানায় এমনদশা হয়েছে।

একদিন আগে কুয়াকাটায় গিয়ে বাঁধটির ৫০০ মিটার এলাকায় এমনসব দৃশ্য দেখা গেছে। মিরাবাড়ি থেকে মাঝিবাড়ির দিকে যেতে মূল শহর রক্ষার বেড়িবাঁধটির ব্লক দেবে যাওয়া, স্থানচ্যুত হওয়ায় হোটেল-মোটেল মালিকসহ লগ্নিকারক ও স্থানীয় বাসীন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেন। অটোচালক ইব্রাহিম মিয়া জানান, পাঁচ-ছয় বছর আগে ব্লকগুলো দেয়া হয়েছে। তখন অল্প এলাকায় সাগরের ঢেউ আসত। এখন সাগরের ঢেউ পুরা বাঁধটির ব্লকে আঘাত করছে। বহু ব্লক সরে গেছে। বালির নিচে ঢুকে গেছে। নিচ থেকে সুরঙ্গ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানালেন অটোচালক ইব্রাহিম। ক্ষুদে দোকানি আনিছুর রহমানও একই শঙ্কার কথা জানালেন। বাঁধটির ঝুকিপূর্ণ অবস্থায় সকল শ্রেণির ব্যবসায়ীরা চরম উৎকন্ঠায় পড়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরীফ জানান, ব্লকগুলো ঠিক করে পুনরায় স্থাপন করা জরুরি। এছাড়া সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি। পর্যটক আহসান জলিল জানালেন, এই বাঁধটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার ভাষ্য, ‘ এমন সুন্দর দর্শনীয় পর্যটন এলাকা রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, ইমার্জেন্সিভাবে বেড়িবাঁধের ব্লক এলাকায় সংস্কারের কাজ শুরু করা দরকার। দ্রুত পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নইলে কুয়াকাটার বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। তিনি এও জানান, আগামি দুই-একদিনের মধ্যে দেবে যাওয়া এবং স্থানচ্যুত হওয়া ব্লক এরিয়ার অন্তত ৩৫০ মিটার এলাকায় জিও টিউব স্থাপন করা হবে। ফলে ঢেউয়ের ঝাপটা থেকে ব্লক রক্ষা করা যায়। জরুরিভাবে প্রটেকশনের এমন উদ্যোগের কথা জানালেন তিনি।

বাংলাস্কুপ/মেজবাহউদ্দিন মাননু/কলাপাড়া/এনআইএন

 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ