ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:১৪:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:১৩:১৩ অপরাহ্ন
ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এ সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ প্রদান করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। এ পদে নির্বাচিত হতে হলে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে। স্থায়ী পাঁচ সদস্যের যে কোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হতে পারে। এরপর সাধারণ পরিষদের অনুমোদনও প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প দীর্ঘদিন ধরে বড় আন্তর্জাতিক সংঘাত নিরসনে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে আসছেন। ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ