ডুবে যাচ্ছিল চাচাতো বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৭-২০২৬ ০৩:২২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৬ ০৩:২২:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
মাগুরার মহম্মদপুরে খেলার সময় পুকুরে পড়ে যায় চাচাতো বোন রাইসা (০২)। তাকে বাঁচাতে রাফিয়া (০৩) পানিতে নামলে সে-ও ডুবে যায়। এ ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো– রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা তার আপন ভাই আলিনুরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট্ট রাইসা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সে-ও তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স