সীমান্তে ‘জিরো টলারেন্স’ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৭-২০২৬ ০৫:০৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৭-২০২৬ ০৬:০২:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপসের সুযোগ নেই।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
এর আগে সকাল ১১টায় বিজিবি সদর দপ্তরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোত্তম ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন এবং দুর্যোগ-সংকটে মানবিক ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবিকে ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অনন্য ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ, দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স