ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১২:২০:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১২:৩৪:০৭ অপরাহ্ন
বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য।

গোল্ডেন বল: রদ্রি (স্পেন)

২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝমাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। আট ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য কীর্তিও গড়েছেন এ ফরাসি তারকা।

গোল্ডেন গ্লাভ: উনাই সিমন (স্পেন)

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভ’ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র একটি গোল হজম করেন এবং আট ম্যাচের সাতটিতেই ক্লিন শিট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সেরা উদীয়মান খেলোয়াড়: পাও কুবার্সি (স্পেন)

আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের ১৯ বছর বয়সি ডিফেন্ডার পাও কুবার্সি। পুরো টুর্নামেন্টজুড়ে দৃঢ় রক্ষণভাগ পরিচালনার পাশাপাশি ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি এই স্বীকৃতি অর্জন করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ