ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশে টাকা দাবি

মিরপুরে এক রাতে ৫ বৈদ্যুতিক মিটার চুরি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০১:০৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০১:০৯:১২ অপরাহ্ন
মিরপুরে এক রাতে ৫ বৈদ্যুতিক মিটার চুরি ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুরে একই রাতে একযোগে ৩টি রাইস মিলের পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এতে চরম বিপাকে পড়েছেন মিল মালিকরা, বন্ধ রয়েছে উৎপাদন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় মিরপুর পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত মিল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মিলগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র একে একে ৩টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যায় এবং সেখানে একটি বিকাশ নাম্বার দিয়ে লিখে রেখে যায়, উক্ত নাম্বারে টাকা দিলেই মিটার ফেরত আসবে। এর মধ্যে টিঅ্যান্ডটি রোডের মন্ডল রাইস মিলের ২টি, সত্যেন রাইস মিলের ২টি ও শুকুর রাইস মিলের ১টি থ্রি-ফেজ বাণিজ্যিক মিটার চুরি হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) সকালে মিল চালু করতে গিয়ে মালিক ও শ্রমিকরা মিটার চুরির বিষয়টি টের পান। ব্যস্ততম এই এলাকায় এক রাতে পাঁচটি মিটার চুরির ঘটনায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও মিল মালিকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী মিল মালিকরা জানান, মিটার চুরির ফলে মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে তাদের মোটা অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। নতুন মিটার সংযোগ পেতে কতদিন লাগবে তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।

​এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নাই, তবে মিটার চুরি হয়েছে শুনেছি। শুনার সঙ্গে সঙ্গেই তদন্ত কাজ শুরু করেছি। মিটার উদ্ধার ও চোর ধরতে কাজ চলছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ