ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সেরা দেশে পরিণত করুন

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:০৪:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:০৪:২৭ পূর্বাহ্ন
এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সেরা দেশে পরিণত করুন ফোকাস বাংলা নিউজ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাপূর্ব গুরুত্বপূর্ণ বয়ান করেন বর্তমান বিশ্বের প্রখ্যাত আলেমেদ্বীন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ডক্টর খলীলুর রাহমান সাজ্জাদ নোমানী হাফিজাহুল্লাহ।

 শুক্রবার (১৭ জুলাই)  জুমাপূর্ব বয়ানে আল্লামা নোমানী বয়ানের শুরুতে আল্লাহ পাকের প্রশংসা ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠ করার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মতো মহান জায়গায় তাকে বয়ান করার সুযোগ দানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বায়তুল মোকাররমের খতিব মুহতারামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল ও আদর্শ দেশের পরিবেশ কেমন হওয়া চাই এব্যাপারে আলোচনা করতে গিয়ে কুরআনুল কারিমের সূরা নাহলের ১১২তম আয়াত পাঠ করে বলেন, একটি উন্নত ও আদর্শ দেশ গঠন এবং সম্প্রতির জনপদ গড়ে তুলতে মৌলিকভাবে দুটি বিষয়ের প্রতি মনোযোগী ও উদ্যোগি হতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সর্বোচ্চ সুন্দর করা ও দেশের সকল শ্রেণি পেশা ও সর্বস্তরের মানুষের খাদ্য নিশ্চিত করা। যেখানে ভয়ভীতি থাকবে না। কেউ অভুক্তও রইবে না।

পাশাপাশি একটি দেশের স্বাভাবিক অবস্থা কেমন হওয়া উচিত তা উল্লেখপূর্বক হযরত ইব্রাহীম আ. এর ঐতিহাসিক সেই দুআর কথা তুলে ধরেন যা তিনি একটি নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে আল্লাহ পাকের নিকট চেয়েছিলেন। আর তা সূরা ইব্রাহীমের ৩৫ নং আয়াতে উদ্ধৃত হয়েছে।

আল্লামা সাজ্জাদ নোমানী বায়তুল মোকাররমের মুসল্লি ইমাম খতিব ও তত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সারাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা অনেক সুন্দর সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি দেশ পেয়েছেন। এটি আল্লাহর তরফ হতে আপনাদের জন্য অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বৃদ্ধি করে দিবেন বলে সূরা ইব্রাহীমের ৭ নং আয়াত তিলাওয়াত করেন।

বাংলাদেশের সর্বস্তরের জনগণ, আলেম উলামা, শিক্ষিত সমাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী, পেশাজীবি, ডাক্তার ইঞ্জিনিয়ারসহ সকলের প্রতি আহ্বান করে আল্লামা নোমানী বলেন, আপনারা সবাই মিলে এই দেশটিকে এমনভাবে সাজান যেন এই দেশটি সারা বিশ্বের জন্য নমুনা ও আদর্শ হয়।

পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্ষমতাসীন দায়িত্বশীল, বিরোধীদলীয় দায়িত্বশীল প্রধানমন্ত্রী থেকে নিয়ে সকল এমপি মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, আইনজীবী, সকল স্তরের মুসলিম নারী-পুরুষকে আহ্বান করে বলেন, সবাই যেন প্রতিদিন কুরআনের কিছু না কিছু অংশ তরজমার সাথে পড়েন। প্রতিদিন কয়েক আয়াত করে হলেও অনুবাদসহ যেন পড়া ও কুরআনের মর্ম বুঝার জন্য নির্ধারিত একটি সময় এর জন্য নির্ধারণ করে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। 

সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রতি জোরদার আহ্বান করে বলেন, এই দেশটিকে বিশ্বের বুকে উঁচু করে তুলে ধরতে হবে আপনাদের। এক্ষেত্রে শয়তান আপনাদের যেন প্রতারিত করার সুযোগ না পায়। উলামায়ে কেরামের সাথে মজবুত সম্পর্ক বজায় রাখবেন। 
একটি উন্নত আদর্শ ও নিরাপদ জনপদ গড়ে তুলতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে। সর্বপ্রথম নিজ প্রতিবেশীর অধিকার বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। নিজ প্রতিবেশীর নিকট গিয়ে এই কথার নিশ্চয়তা দেওয়া যে, আমি আপনার প্রতিবেশী আপনার সুখে দুঃখের প্রথম সাথী আমি। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি বা কষ্ট হবে না সে ব্যাপারে সোচ্চার থাকার প্রতি আহ্বান করেন।

পাশাপাশি দেশের সম্পদ দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারি সম্পদ নষ্ট করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা, ছোট ছোট বিষয়ে মারামারি ভাঙচুর অগ্নিসংযোগ না করা, রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটে এমন কাজ না করা, পরস্পর পরস্পরে প্রেম ভালোবাসা ও সম্প্রতির সাথে থাকা, কেউ কাউকে পেরেশান না করা, কারো সম্পদ নষ্ট না করা, নারীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা, রাস্তা ঘাটে তাদের উত্যক্ত না করা, প্রত্যেক মানুষকে তার অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার প্রতি আহ্বান করেন। 

পরিশেষে সমাজ ও প্রতিবেশীর অধিকার বাস্তবায়নে নিজের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করে এই দেশ ও জাতির ঈমান আমলের হেফাজত, এই দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বয়ান শেষ করেন। নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আবদুল মালিকের আবেদনে দেশ ও জাতির কল্যাণের লক্ষ্য দুআ পরিচালনা করেন।

আশরাফ আলম কাসেমী নদভী
প্রতিষ্ঠাতা পরিচালক, মাহাদুস সাকাফা বাংলাদেশ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ