রাজনৈতিক অস্থিরতার ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে: পরওয়ার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০৬:৪৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০৬:৫৪:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং নানা ধরনের দমন-পীড়নের নেপথ্যে দিল্লির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের যেকোনো সাংবিধানিক ও রাজনৈতিক মতপার্থক্যের সমাধান সংসদের মাধ্যমেই হওয়া উচিত। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশকে সংঘাতের দিকে না ঠেলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন। তবে সংসদে দাবি বাস্তবায়ন সম্ভব না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে জ্বালাও-পোড়াও, হরতাল ও ধর্মঘটের কারণে দেশের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তাই নতুন করে এমন পরিস্থিতি সৃষ্টি না করে দেশকে স্থিতিশীল রাখার দায়িত্ব বিএনপির রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিষয়টি পুরোপুরি সরকার ও আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। তবে জুলাই-আগস্টের ঘটনার ক্ষত এখনো মানুষের মনে রয়ে গেছে এবং দেশের মানুষ ওই সময়ের ঘটনাগুলোর বিচার প্রত্যাশা করে। জনগণ কোনো ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক পুনর্বাসন চায় না বলেও মন্তব্য করেন তিনি।
দিল্লির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও জুলুম-নির্যাতনের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে। তার দাবি, আন্তর্জাতিক আইন, বন্দিবিনিময় আইন এবং জেনেভা কনভেনশনের নীতিমালা উপেক্ষা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে সেখানে প্রযুক্তিগত সুবিধা ও আরামদায়ক পরিবেশে রাখা হয়েছে। তিনি বলেন, লাল জুলাইয়ের চেতনা এখনো দেশের মানুষ ধারণ করে এবং কোনো ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর মেনে নেবে না।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদের সদস্য মশিউল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সম্মেলনের আগে জেলার রুকনদের অংশগ্রহণে একটি কর্মশালারও আয়োজন করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স