দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৭-২০২৬ ০৪:১২:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৬ ০৪:১২:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক থেকে প্রকাশ্যে আর্জেন্টিনার ভক্তে পরিণত হওয়ার ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা মইনুল ইসলাম। দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ এবং আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে তিনি নতুন করে নিজের সমর্থনের কথা জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ আয়োজন করা হয়। সেখানে শতাধিক আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল শেষে আর্জেন্টিনার জার্সি পরিধান করে আনুষ্ঠানিকভাবে নিজের সমর্থন পরিবর্তনের ঘোষণা দেন তিনি। মইনুল ইসলাম মুন্সিগঞ্জ মোটরসাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক।
মইনুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বুঝতে শেখার পর থেকেই আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলের ধারাবাহিক পারফরম্যান্সে আমি হতাশ। অন্যদিকে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য, শৃঙ্খলাপূর্ণ ও নান্দনিক ফুটবল আমাকে মুগ্ধ করেছে। তাই স্বেচ্ছায় ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া কিছু ব্রাজিল সমর্থকের অসৌজন্যমূলক আচরণও আমার এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
আর্জেন্টিনা সমর্থক ফারুক হোসেন বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। দীর্ঘদিনের কট্টর ব্রাজিল সমর্থক মইনুল ইসলাম আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। তাকে আন্তরিক অভিনন্দন জানাই।
আরেক সমর্থক জামাল হোসেন বলেন, মইনুল ভাই আর্জেন্টিনার সমর্থক হওয়ায় আমরা তাকে স্বাগত জানাই। ভবিষ্যতে আরও কেউ ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হলে তাদেরও একইভাবে অভিনন্দন জানাব।
ব্যতিক্রমী এ আয়োজন দেখতে স্থানীয় অনেক মানুষ বাসস্ট্যান্ডে ভিড় করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স