ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ ফোনে বড় দুর্ঘটনা এড়াল জেলের পরিবার

​মাছের বদলে জালে গ্রেনেড!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৩:১২:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৩:১৬:০৫ অপরাহ্ন
​মাছের বদলে জালে গ্রেনেড! ​ছবি: সংগৃহীত
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে উঠে আসে একটি গ্রেনেড। প্রথমে সেটিকে মূল্যবান কোনো বস্তু মনে করে বাড়িতে নিয়ে গেলেও পরে গুগলে খোঁজ নিয়ে সেটি গ্রেনেড বলে নিশ্চিত হন জেলের ছেলে। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১৫ জুলাই) রাজশাহীর চারঘাট থানার রাওথা গ্রামের জেলে সাইদুর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জালে একটি ছোট কিন্তু ভারী বস্তু পান। কর্দমাক্ত অবস্থায় থাকায় তিনি সেটিকে মূল্যবান কিছু মনে করে বাড়িতে নিয়ে আসেন।

পরে বস্তুটি পরিষ্কার করার সময় সাইদুরের ছেলে সাব্বির রহমান গুগলে ছবি ও তথ্য মিলিয়ে বুঝতে পারেন, এটি একটি বোমা বা গ্রেনেড হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা সমন্বয় করেন। একই সঙ্গে চারঘাট থানা, বোম্ব ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, সময়মতো সচেতনতার সঙ্গে বিষয়টি জানানো এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার ফলে সম্ভাব্য প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ