ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৩৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৩৫:০৮ অপরাহ্ন
​আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান বাংলাদেশের রাবাব ফাতিমা ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ নিয়োগের ঘোষণা দেয়। এতে জানানো হয়, কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন রাবাব ফাতিমা।

নতুন দায়িত্বে নিয়োগ দেওয়ার পাশাপাশি বিদায়ী প্রধান রোজা ওতুনবায়েভার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে বর্তমানে ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে রাবাব ফাতিমার। তাঁর কর্মজীবনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমান দায়িত্বে যোগ দেওয়ার আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।

এ ছাড়া ২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ