ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৪৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৪৪:০২ অপরাহ্ন
​আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে
রাতে গড়াবে বিশ্বকাপে দুই প্রতিদ্বন্দ্বী দলের হাইভোল্টেজ লড়াই। ইউরো জায়ান্ট ইংল্যান্ড এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে আসরের দ্বিতীয় সেমিফাইনালে। অপরাজিত থেকে শেষ চারে এসেছে দুদলই। মহারণের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। 

আসরে এপর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতছে আর্জেন্টিনা। তারা ১৭ গোল করেছে, যা আসরে সর্বোচ্চ। বিপরীতে হজম করেছে ৬ গোল। অন্যদিকে, ইংল্যান্ড ৬ ম্যাচে ৫ জয় ও ১ ম্যাচ ড্র করেছে। ১৩ গোল করে ৬ গোল হজম করেছে থ্রি লায়ন্সরা। আলবিসেলেস্তেদের আক্রমণভাগ যতটা ভায়বহ, ততটাই পোক্ত তাদের রক্ষণভাগও। আর ইংলিশরা বেশ ভারসাম্যপূর্ণ দল হিসেবে খেলছে।

ফুটবল ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে। ১৪ বার মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের জয় ৬টি, আর্জেন্টিনার জয় ৩টি। ৫ ম্যাচ ড্র হয়েছে। নাটকীয় বিশ্বকাপ ম্যাচ এবং ভূ-রাজনৈতিক কারণে দুদলের প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বকাপে এপর্যন্ত ৫ বার দেখা হয়েছে দুদলের। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ২টিতে। এর মাঝে রয়েছে মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচটি। বিখ্যাত সেই ম্যাচে ম্যারাডোনা দুটি গোল করেছিলেন। ৪০ বছর পেরিয়ে গেলেও গোল দুটি এখনও বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। দ্বিতীয় গোলটি ছিল নিজেদের অর্ধ থেকে করা এক অসাধারণ একক প্রচেষ্টার ফসল, যা পরে ফিফা বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত করে। প্রথম গোলটি ইংল্যান্ডে বেশি বিখ্যাত, যা ছিল ‘হ্যান্ড অব গড’ গোল।

এ ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে তিনে রয়েছে আর্জেন্টিনা। চলতি আসরে তারা এসেছে বিশ্বকাপ ধরে রাখার উদ্দেশ্যে। তাদের দলে আছে বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি। ইতিমধ্যে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কাইলিয়ান এমবাপের সাথে সমান থেকেও দুইয়ে আছেন তিনি। বিশ্বকাপে সর্বকালের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হয়েছেন তিনি চলতি আসরে, করেছেন ২১ গোল। আছেন লৌতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল এবং নিকোলাস ওটামেন্ডির মতো তারকা।

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে চারে আছে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী তারা। দলের অন্যতম তারকা হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম। দুজনই ৬টি করে গোল এবং ১টি করে অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে আছেন। আছেন অ্যান্থনি গর্ডন, ডেক্লান রাইস, মার্কাস র‍্যাশফোর্ড, বুকায়ো সাকার মতো তারকারা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ