ডেঙ্গু প্রতিরোধে ‘লম্বা লুঙ্গি’ পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৭-২০২৬ ০৫:৪৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৬ ০৬:১২:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা অথবা লম্বা লুঙ্গি পরার অভ্যাস গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কাজে সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার করা হয়েছে। রাজধানীর দুই সিটি করপোরেশন ছাড়াও দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নিয়মিত প্রাপ্তবয়স্ক মশা নিধনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে বলেও তিনি দাবি করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মশা খুবই ছোট একটি কীটপতঙ্গ হলেও ঘনবসতিপূর্ণ ও বৃষ্টিপ্রবণ দেশে এটি বড় ধরনের জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিভিন্ন বাড়ির ছাদে টব কিংবা অন্য পাত্রে জমে থাকা পানিতে সহজেই এডিস মশার প্রজনন হয়। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এসব স্থান পরিদর্শনে গেলে অনেক সময় বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি মোবাইল কোর্ট পরিচালনার সময়ও বাধার মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনে স্প্রে, লার্ভা ধ্বংসে ট্যাবলেট প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে। এ কারণে মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং পাজামা কিংবা লুঙ্গি লম্বা করে পরার মতো ব্যক্তিগত সুরক্ষামূলক অভ্যাস গড়ে তুলতে দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স