৩০ হাজার বৃক্ষ রোপণ করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৭-২০২৬ ০৮:৩৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৭-২০২৬ ০৮:৩৩:৫০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণ মহাপরিকল্পনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পায়রা বন্দরের প্রশাসনিক ক্যাম্পাসে একটা ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বন্দর চেয়ারম্যান এসময় তাঁর বক্তব্যে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘এই ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকাকে সবুজায়িত করবে না। বরং প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ এবং দূর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বন্দর সূত্রে জানা গেছে, পায়রা বন্দরের প্রশাসনিক, আবাসিক এলাকা, প্রকল্প এলাকা এবং আশপাশের সংযোগ সড়কের দুই পাশে এই চারাগুলো রোপণ করা হবে। উপকূলীয় আবহাওয়া ও মাটির গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে দীর্ঘস্থায়ী ও লবণাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করার ওপর জোর দেওয়া হয়েছে।
রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য একটা বিশেষায়িত টিম সার্বক্ষণিক নজরদারি করবে বলে জানিয়েছে পায়রা বন্দরের জনসংযোগ বিভাগ। এ অনুষ্ঠানে পায়রাবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স