ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৭:০৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৭:০৭:২২ অপরাহ্ন
​প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ ​ছবি: সংগৃহীত
দুর্গম এলাকায় বন্যাকবলিত মানুষের কাছে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ এবং পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গবাদিপশুর চিকিৎসাসেবা দিয়েছে বাহিনীটি। 

সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

আয়োজিত ক্যাম্পে আসা বন্যাকবলিত প্রায় ৪০০ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া ২০০ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী এবং আরও ২০০ পরিবারের জন্য দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল দিনব্যাপী কাজ করে।

এই কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহার। দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে থাকা অসহায় মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। বিজিবির ভাষ্য, এই আধুনিক প্রযুক্তির ব্যবহার দুর্গম এলাকায় দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

এ সময় বিজিবির শ্রীমঙ্গল ক্যাম্পের মেডিক্যাল অফিসার মেজর ইদি আমিন, চিকিৎসক ডা. অরুন্ধতি পাল, ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবায় বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বন্যাকবলিত অসহায় মানুষের জন্য ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা পেয়েছেন, যা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ