ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যার পানি নেমে যাওয়ার পর পুনর্বাসনে সহায়তা দেবে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৬:২৩:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৬:২৪:৫১ অপরাহ্ন
বন্যার পানি নেমে যাওয়ার পর পুনর্বাসনে সহায়তা দেবে সরকার ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গত মানুষের যে কোনো প্রয়োজনে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বসতঘর, ফসলি জমি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির বিষয়েও পুনর্বাসনমূলক সহায়তা দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি দুর্গত, অসহায় ও খাদ্যসংকটে থাকা মানুষের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। শুধু জরুরি ত্রাণ নয়, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, উপজেলা ও জেলা প্রশাসন বন্যার প্রথম দিন থেকেই দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যও শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে সক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি ত্রাণ কার্যক্রমের সমন্বয় ও তদারকির জন্য সাতকানিয়ায় এসেছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু এসময় আমরা আপনাদের মুখে খাবার তুলে দেব তা-ই নয়, পানি কমে যাবার পরে যাদের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাসা-বাড়ি মেরামতের খরচও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেয়া হবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষয়-ক্ষতি হয়েছে- তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সরকারের তরফ থেকে আমরা উদ্যোগ নেব।

এ সময় প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী তাদের প্রতি ধন্যবাদ জানান।

ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ