টেকনাফে পাহাড় থেকে পড়ে মা হাতি আহত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৭-২০২৬ ০৭:৫৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৭-২০২৬ ০৭:৫৭:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে।
শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। এতে গুরুতর আহত হয়ে আর উঠে দাঁড়াতে পারেনি। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েকদিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। এটি মাটিতে শুয়ে রয়েছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুটি পা নাড়াতে পারছে না এবং পেটেও আঘাত পেয়েছে।
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটিকে আবার বনে অবমুক্ত করা হবে অথবা প্রয়োজনে চকরিয়া সাফারি পার্কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স