ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​তফসিল ঘোষণার আগেই কলাপাড়ায় ভোটের আমেজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:৩৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:৩৯:৫০ অপরাহ্ন
​তফসিল ঘোষণার আগেই কলাপাড়ায় ভোটের আমেজ ​ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় এখন ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় বইছে নির্বাচনী আমেজ। সরকারিভাবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। কবে নাগাদ হতে পারে এর সম্ভাব্য রোডম্যাপ ঘোষণার কথা শোনা যাচ্ছে। কিন্তু থেমে নেই নির্বাচনী প্রচার-প্রচারণা। সম্ভাব্য মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্বশরীরে চালাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। যারা সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন তাঁদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী ও সমর্থক। তবে জামায়াত ইসলামী বাংলাদেশও সম্ভাব্য প্রার্থী থাকছে বলে আভাস মিলছে। এনসিপির সম্ভাব্য প্রার্থী থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। গণঅধিকার পরিষদ থেকেও ধানখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে রবিউল আউয়াল অন্তরের নাম শোনা যাচ্ছে।

কলাপাড়ায় ১২টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে আগে মেয়াদ সম্পন্ন হয়েছে লালুয়া ইউনিয়নের। ২০২৩ সালের ৭ আগস্ট এই ইউনিয়নের মেয়াদকাল শেষ হয়। এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৫ জুলাই। এ ইউনিয়নের মেয়াদকাল বহু আগে শেষ হলেও খুব শীঘ্রই কিংবা সরকারের প্রথম দফায় নির্বাচন নাও হতে পারে। কারণ পায়রা পোর্ট ও শের-ই-বাংলা নৌঘাটি স্থাপনের জন্য জমি অধিগ্রহণের ফলে কিছু ওয়ার্ডের সীমানা পুন:নির্ধারণ করা হয়নি। 

তবে একমাত্র মহিপুর ইউনিয়নে সবার আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইউনিয়নের নির্বাচনী মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর। এছাড়া অপর চাকামইয়া ইউনিয়নের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ১৩ ফেব্রুয়ারি। একই সময়ে মেয়াদ শেষ হবে টিয়াখালী ও নীলগঞ্জের। 

এছাড়া ধুলাসার ইউনিয়নের মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ২৫ জুলাই। লতাচাপলী ইউনিয়নের মেয়াদ শেষ হবে একদিন পরে ওই বছরের ২৬ জুলাই। ২০২৮ সালের ২১ জুন মেয়াদ শেষ হবে চম্পাপুর, ডালবুগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের। তবে একদিন পরে ২০২৮ সালের ২২ জুন শেষ হবে মিঠাগঞ্জ ইউনিয়নের। 

বর্তমানে লতাচাপলী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এছাড়া নীলগঞ্জ, ধানখালী ও চম্পাপুরে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বলা হয়েছে এই তিন ইউনিয়নের চেয়ারম্যানগণ অনুপস্থিত থাকায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তবে ২৪ ফেব্রুয়ারি-২০২৬ সহকারী কমিশনার, স্থানীয় সরকার পটুয়াখালীতে উপজেলা নির্বাহী অফিসারের দেয়া দেয়া এক চিঠিতে মন্তব্য করা হয়েছে তিনটি ইউনিয়নে (প্রশাসক নিয়োগকৃত) মেয়াদ উত্তীর্ণ না হলেও নির্বাচন উপযোগী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সুমন মিয়া জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পরই সঠিকভাবে বলা যাবে এখানকার কোন কোন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মহিপুরে প্রথম দফায় নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন তিনি। 

সরকার কবে নাগাদ তফসিল ঘোষণা করছে বা করবে তার অপেক্ষায় নাই সম্ভাব্য প্রার্থীরা। তারা এখনই গ্রামে চষে বেড়াচ্ছেন। প্রত্যেক ইউনিয়নে বিএনপির একাধিক নেতাকর্মী চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিরাজ করছে নির্বাচনী পরিবেশ। একই অবস্থা কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভায়। সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ